আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে করা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল জি. ওয়াল্টজের মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা বলেছে, আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গণির সরকার ধসে পড়েছে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে। সেখানে পাকিস্তানের কোনো হাত নেই। অনলাইন আনাদোলু জানাচ্ছে, মাইকেল জি ওয়াল্টজকে লেখা এক চিঠিতে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান বলেছেন, তার দেশের নেতৃত্ব অব্যাহতভাবে বলে আসছে আফগানিস্তানে তাদের প্রিয় কেউ নেই। আফগান জনগণ সমর্থন করে এমন যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান। মাজিদ খান টুইটারেও তার চিঠি পোস্ট করেছেন। এতে বলেছেন, একটি রাজনৈতিক সমস্যার সামরিক সমাধানের জন্য অধিক প্রচেষ্টা ও বিনিয়োগ ব্যর্থ প্রমাণিত হয়েছে আফগান সরকারের। এ কারণে তাদের দ্রুত পতন হয়েছে।
গত ১৩ই আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি লিখেছেন ওয়াল্টজ। এতে তিনি বলেছেন, আফগানিস্তানে পাকিস্তানের জড়িত থাকার বিষয়ে তাদেরকে প্রভাবিত করতে আমাদের সম্পদকে ব্যবহার করা উচিত। তালেবানদের নির্দেশনা দিচ্ছে পাকিস্তানি সেনারা। ন্যূনতম তালেবানদের অগ্রসর হওয়ার সঙ্গে অন্যায়ভাবে যুক্ত পাকিস্তান। তারা এএনএসএফের সঙ্গে সমন্বয় করছে না। আরো খারাপ কথা হলো, পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সার্ভিসগুলো হয়তো তালেবানদের আক্রমণকে সরাসরি সহায়তা দিচ্ছে। এ কারণে, অবিলম্বে পাকিস্তানকে দেয়া সব রকম সহায়তা কর্তন করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই ধারা পরিবর্তন না করলে আপনার প্রশাসনকে অনুরোধ করবো পাকিস্তানের বিরুদ্ধে অবরোধের জন্য। এর মধ্য দিয়ে তালেবানদেরকে পাকিস্তানের সীমান্ত অতিক্রম বন্ধ করতে হবে।
কএর জবাবে মাজিদ খান লিখেছেন, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসের ছিল তিন লাখ সেনা। তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের আয়কর দাতাদের ৮৩০০ কোটি ডলার খরচ হয়েছে। তাদেরকে পাকিস্তানের সামরিক কৌশল পরাজিত করেছে এটা যুক্তরাষ্ট্রের যুক্তিতে টেকে না। তিনি আরো বলেছেন, দুর্ভাগ্যজনক হলো আপনার চিঠি আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। আমার দেশ কাবুলে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনকে সমর্থন করে, যাতে থাকবে সব গোত্রের মানুষ। এটা জেনে আপনি মজা পাবেন যে, যেদিন প্রেসিডেন্ট আশরাফ গণি তার জনগণকে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন, সেদিন আফগানিস্তানের বিভিন্ন গ্রুপের রাজনীতিকদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান।















