আন্তর্জাতিক ডেস্ক: হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এ হামলায় সাত তালেবান সদস্য নিহত হয়েছেন বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। খবর আল জাজিরার।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরের কেন্দ্র থেকে দুই কিলোমিটারের মধ্যে সরকারি বাহিনীর সেনাদের সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই চলছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে শহরের দখল ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।
সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা এ অঞ্চলের এক বাসিন্দা হালিম কারিমি বলেন, ‘না তালেবানরা আমাদের প্রতি দয়া করবে, না সরকার বোমা হামলা বন্ধ করবে।’
আফগান বাহিনীর কমান্ডার বলছেন, তাদের শক্ত প্রতিরোধ ও পালটা অভিযানে তালেবানদের ব্যাপক প্রাণহানি হয়েছে। তা ছাড়া চলমান বন্যা পরিস্থিতিতে দুপক্ষের এ যুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যার্তদের উদ্ধার ও সহযোগিতায় দুর্গত এলাকাগুলোতে কাজ করছে আফগান রেড ক্রিসেন্ট।
শনিবার সরকারি বাহিনী লস্করগাহের ১০ শয্যার হাসপাতালের কাছে বিমান হামলা করেছে। হেলমান্দের প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সময় একজন নিহত এবং মাত্র দুজন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
অন্য কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে তালেবানরা তাদের আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতালটি জব্দ করেছিল।
দখলের লক্ষ্যে তালেবানরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন শহর কান্দাহার, হেরাত ও লস্করগাহে ঢুকে পড়েছে। শনিবার রাত থেকে থেমে থেমে চলছে যুদ্ধ।
সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘোষণা আসার পর তালেবান ক্রমশ দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টায় এগিয়েছে বহুদূর। অধিকাংশ গ্রামীণ এলাকাসহ দেশটির ৯০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে তারা। এ কারণে দেশটির প্রধান শহরগুলোর ভাগ্য নিয়ে ভীষণ উদ্বেগ দেখা দিয়েছে। উভয়পক্ষ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে সরকারি সেনাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।















