আলো ছড়িয়েছেন শামিম পাটওয়ারী

216

খেলাধুলা ডেস্ক: দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ায় শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনালে রূপ নেয়। আর সেই ম্যাচ ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনার। টি-টোয়েন্টির সবটুকু আমেজে টইটুম্বর ধুমধাড়াকা ম্যাচ যাকে বলে।

আর এমন ফাইনালে শেষ হাসি ফুটল মাহমুদউল্লাহর মুখে। দলনায়কের মুখে এ হাসি ফুটিয়েছেন ওপেনার সৌম্য ও অলরাউন্ডার শামিম হোসেন পাটওয়ারী।

বিশেষ করে শেষ দিকে শামিম হোসেন পাটোয়ারীর মাত্র ১৫ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস এ জয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যুববিশ্বকাপজয়ী এ তারকা নিজের জাত চিনিয়েছেন জিম্বাবুয়ে সফরে। প্রথম ম্যাচে বদলি নেমে অসাধারণ ক্যাচ, অভিষেক ম্যাচে তার ১৩ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস ও শেষ ম্যাচে ৩১ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলে আপন আলোয় উজ্জ্বল শামিম।

রোববার আগে ব্যাট করে বাংলদেশের পেসারদের অতিরিক্ত শর্ট ও ফুলটস বল পেয়ে চার-ছক্কার ফুলঝুড়িতে ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে এতো রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না এ ম্যাচের আগে। আর রঙিন জার্সির ইতিহাসে এতো রান তাড়া করে বাংলাদেশের জয় মাত্র একটি।

২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলংকার দেওয়া ২১৫ রানের টার্গেট টপকে ৫ উইকেট জিতেছিল টাইগাররা।

যে কারণে রোববারের ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার দুঃস্বপ্ন দেখেছিলেন অনেকেই।

কিন্তু তা হতে দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে সৌম্য ও শামিম। ৪৯ বলে ৬৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলের জয়ে ভিত গড়ে দেন সৌম্য সরকার। বাকি কাজটা সাড়েন শামিম হোসেন পাটওয়ারী।

জয় পেতে শেষ ৬ ওভারে বাংলাদেশের দরকার পড়ে ৫৪ রানের। ১০ রান যোগ করার পর ১৬তম ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান অলরাউন্ডার আফিফ।

এরপর মাহমুদউল্লাহ ও পরে নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি বেঁধে বাকি ৪৪ রান পূরণ করেন শামিম।

এই ৪৪ রানের মধ্যে শামিমেরই ৩১ রান। ১৭তম ওভারে মাহমুদউল্লাহ ছক্কা হাঁকানোর পর স্ট্রাইকে এসে বাউন্ডারি তুলে নেন শামিম। সেই ওভারে আসে ১২ রান। ১৮তম ওভারে মায়ার্সের শেষ তিন বলে টানা তিনটি চার মারেন শামিম।

সেই ওভার থেকে ১৫ রান তুলে নেন শামিম। ১৯তম ওভারে পেসার মুজারাবানির দ্বিতীয় বলটি সীমানার বাইরে পাঠান শামিম। চতুর্থ বলটি ইয়র্কর লেন্থে অফস্টাম্পের অনেক বাইরে মারেন মুজারাবানি। সেটি স্লিপ দিয়ে সীমানার বাইরে পাঠাতে গিয়ে উইকেটরক্ষকের গ্লোভসবন্দী হন মাহমুদউল্লাহ। অধিনায়কের আউটের পর জয়ের বন্দরে পৌঁছুতে বাংলাদেশের প্রয়োজন পড়ে মাত্র ৭ রান। হাতে বল ৮টি।

তবে লক্ষ্যে পৌঁছতে আট বল প্রয়োজন পড়েনি শামিমের। শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে স্কোর লেভেল করেন শামিম। পরের বলে সোহানের সঙ্গে স্ট্রাইক বদল করে জয়ের বন্দরে পৌঁছে যান।

অর্থাৎ শামিমের নৈপুণ্যে ৪ বল বাকি থাকতেই জিম্বাবুয়ের বিশাল সংগ্রহ পাড়ি দিতে সক্ষম হয় বাংলাদেশ।