আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে করোনাভাইরাসের এক নতুন প্রজাতির সন্ধান মিলেছে, যা ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউ তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এ বিষয়ে মঙ্গলবারই কেন্দ্রকে সতর্ক করেছেন তিনি। অবিলম্বে সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার প্রস্তাবও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
মঙ্গলবার ভাইরাসের এই নতুন প্রকার সম্পর্কে সতর্ক করে একটি টুইট করেন কেজরিওয়াল। লিখেন, ‘করোনা এই নতুন প্রজাতি শিশুদের জন্য মারাÍক ক্ষতিকর। সিঙ্গাপুরে এই নতুন প্রজাতির দেখা পাওয়া গিয়েছে’।
এ ব্যাপারে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীকে তার পরামর্শ, ‘এবার দেশে শিশুদেরও দ্রুত করোনা টিকাকরণের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের।’
ভাইরাসটি যাতে কোনোভাবেই দেশে ছড়াতে না পারে সেজন্য সিঙ্গাপুর থেকে দেশে বিমান অবতরণ বন্ধ করার আর্জিও জানিয়েছেন তিনি।
টুইটে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে তিনি লিখেছেন, ‘কেন্দ্রের কাছে আমার অনুরোধ, দয়া করে অবিলম্বে সিঙ্গাপুর থেকে দেশে বিমান পরিসেবা বন্ধ করুক কেন্দ্র।’ তার আশঙ্কা, ভারতে এই ভাইরাসের নতুন প্রকার ঢুকে পড়লে, তা সংক্রমণের তৃতীয় ঢেউ ডেকে আনবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক তিন লাখের নিচে করোনা রোগী শনাক্ত হলো।
এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে চার হাজার ৩২৯ জনের। এর মধ্যে ৫০ জন চিকিৎসকও ছিলেন। এটিই ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।














