
ওয়ানবাংলানিউজ:মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দুই বছর ড্রাইভিংয়ে নিষিদ্ধ হলেন ওয়েইন রুনি। একই সঙ্গে ১৭০ পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ১২ মাসের মধ্যে ১০০ ঘণ্টা বিনা বেতনে সামাজিক কাজ করতে হবে তাকে। স্টোকপোর্টের ম্যাজিস্ট্রি আদালত আজ সোমবার এই আদেশ দিয়েছে।
১ লা সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশে হাতে ধরা পড়েন ওয়েইন রুনি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক চলতি মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাবেক ক্লাব এভারটনে যোগ দিয়েছেন।
ক্লাবটির হয়ে চলতি মৌসুমে পাঁচ ম্যাচে দুই গোল করেছেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভুল করেছেন বলে স্বীকার করে নিয়েছেন ম্যানইউ ও ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ডধারী এ খেলোয়াড়। দর্শক ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শাস্তি ও জরিমানা পাওয়ার পর রুনি বলেন, ‘আমার পরিবার, এভারটনের কোচ ও চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে আমি দুঃখ প্রকাশ করেছি। এখন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, যারা আমার ক্যারিয়ারের বিভিন্ন সময় সমর্থন দিয়ে গেছেন। অবশ্যই আমি আদালতের শাস্তি মেনে নিচ্ছি। আশা করছি, সামাজিক কর্মকা-ের মাধ্যমে আমি নিজেকে শুধরে নেবো।’














