তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ শুনানি ১৮ অক্টোবর

743

ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এ মামলাসংক্রান্ত আপিল বিভাগে লিভ টু আপিল বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া এবং হান্নান ভূঁইয়া।

শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ শুনানির পরবর্তী তারিখ ১৮ অক্টোবর ঠিক করেছেন বলে জানান হান্নান ভূঁইয়া।

এর আগে গত ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। এরপর ২৩ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন নেন তিনি ।

রাজধানীর রমনা থানায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত বছরের ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার ।

দুদক সূত্রে জানা যায়, সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। অভিযুক্ত ইকবাল মান্দ বানুর বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট নোটিশের স্থগিতাদেশ দেন। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টেও স্থগিতাদেশ স্থগিত করে দেয়।

আপিল বিভাগ সর্বশেষ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বরের আদেশে রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করেন। আপিল বিভাগের স্থগিতাদেশ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকায় বর্তমানে ওই রিট সংশ্লিষ্ট দুদকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।