১০ জন নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করল বাংলাদেশের মেয়েরা

629

খেলাধুলা ডেস্ক: নারীদের ফুটবলের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ এ। বাংলাদেশের অবস্থান ১০৬ এ। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আজ র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৩৩ মিনিটে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বাকি সময় দশজন নিয়েই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশের মেয়েরা। ২-১ গোলে এক সময় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ হার মেনেছে ৩-২ গোলে। হয়তো দশজন নিয়ে না খেললে ফলটা ভিন্নও হতে পারত। বাংলাদেশের কিশোরীরা জয় পায়নি, কিন্তু ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে তাদের পারফরম্যান্স দিয়ে।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পরে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এমিলি হিউজ গোল করে এগিয়ে নেন দলকে। ৩৩ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। বাকি সময় দশজন নিয়েই লড়াই করে।

৪৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে শামসুন্নাহার গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পর ৫১ মিনিটে মনিকা চাকমার গোলে এগিয়েও যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু ৭৮ মিনিটে কুনি ক্রস ও ৮৩ মিনিটে সাকালিস গোল করলে ৩-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন। আগামীকালই দেশে ফিরে আসছে বাংলাদেশের কিশোরীরা।

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে হার মানে ৯-০ গোলে। পরের ম্যাচে জাপানের কাছে হেরে যায় ৩-০ ব্যবধানে। আর আজ হার মানল ৩-২ ব্যবধানে। তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা গোল হজম করেছে ১৫টি।