হবিগঞ্জে আটক রোহিঙ্গা যুবককে উখিয়ায় পাঠানো হয়েছে

1142

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাইফুল ইসলাম (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ট্রেনে আসা যুবককে ওইদিন সন্ধ্যায় কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। সাইফুল ইসলাম মিয়ানমারের রাখাইন রাজ্যের থিংগাও থানার হাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে করে মাধবপুরে আসেন সাইফুল। শনিবার সকালে ট্রেনটি উপজেলার শাহজিবাজার স্টেশনে থামনে সেখানে নেমে পড়েন তিনি। চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তিনি নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসাইন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সন্ধ্যায় তাকে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।