ঢাকা সংবাদদাতা: কুষ্টিয়ার গৃহবধূ ও মেয়ে শারমিন আক্তার স্মৃতি (৩০)। স্বামী সঙ্গে ভারতে গিয়েছিলেন কিডনি রোগের চিকিৎসা করাতে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শারমিন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার মঞ্জুর চিশতীর স্ত্রী। একই এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে।
গত ২৭ এপ্রিল তার করোনা ধরা পড়ে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর শারমিন আক্তার স্মৃতির মা শাহানারা খাতুন (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
স্মৃতির ভাই মেহেদী হাসান সাজ্জাদ বলেন, আম্মু মারা যাওয়ার পর পৃথিবীতে আমাকে ভালোবাসার মত শেষ মানুষ ছিলো আমার একমাত্র বোন স্মৃতি। বোন ও বর্ধমানের একটি হাসপাতালে মারা গেল। আমার আপন বলতে আর কেউ থাকলো না।
স্মৃতির মামা কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু বলেন, গত ২০ মার্চ বেনাপোল স্থলবন্দর হয়ে কিডনি রোগের চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে ভারতে যান স্মৃতি। পরে ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমানের ফরটিস হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। স্মৃতির মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। বাংলাদেশেই দাফন করা হবে।
এদিকে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ জেলায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩১৩ জন সুস্থ হয়েছেন এবং ১০৭ জনের মৃত্যু হয়েছে।















