স্কটল্যান্ডে ইমিগ্রেশন পুলিশের আকস্মিক অভিযান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বয়স্ক এসাইলাম সীকার

4718

বাংলা নিউজ রুম রিপোর্ট: মহামারিতেও ব্রিটিশ ইমিগ্রেশন পুলিশের আকস্মিক অভিযান বন্ধ নেই। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত ২৩ এপ্রিল এক পাকিস্তানি এসাইলাম সীকার পরিবারের বাসায় পূর্ব ঘোষণা ছাড়াই অভিযানে যায় ইমিগ্রেশন পুলিশ। ঘটনার আকস্মিকতায় ওই পরিবারের ৬৭ বছর বয়স্ক একজন পুরুষ সদস্য অসুস্থ হয়ে পড়েন; তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযানে গিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার লোকেরা এসাইলাম সীকার পরিবারের সদস্যদের ব্রিটেন থেকে বের করে দেয়ার উপর্যুপরি হুমকি দেন। একটি জোরপূর্বক বিয়ের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান থেকে পালিয়ে আসা এই পরিবারটি গত সাড়ে চার বছর যাবত ব্রিটেনে বসবাস করছে বলে জানা যায়। ৬৭ বছর বয়স্ক পেনশনারকে হুমকি দেয়ার পাশাপাশি তাঁর স্ত্রী এবং মেয়েকেও ব্রিটেন থেকে বিতাড়িত করার হুমকি দেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

এই ধরনের আকস্মিক অভিযানের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন গ্লাসগো শহরের স্কটিশ ন্যাশনাল পার্টির ৮ এমপি এবং স্থানীয় কাম্বারনলড এলাকার এমপি। তাঁরা হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলকে একটি যৌথ চিঠিতে বলেছেনঃ ‘’আমরা জানতে পেরেছি অভিযানে আসার আগে কোন ধরনের সতর্কতামূলক বার্তা দেয়া হয়নি এবং এ কারণে এটিকে আকস্মিক অভিযান হিসাবেই বর্ণনা করা যায়। এ ধরনের আতঙ্কজনক অভ্যাস অগ্রহণযোগ্য, আমরা জানতাম এ ধরনের আকস্মিক অভিযানের অনুশীলন অনেক বছর আগেই বন্ধও হয়ে গেছে।‘’

চিঠিতে স্বাক্ষর করেন অ্যান ম্যাকলোলিন, স্টিউয়ার্ট ম্যাকডোনালড, ক্রিস স্টিফেন্স, আলিসন থিউলিস, ডেভিড লিনডেন, ক্যারল মনাঘান, প্যাট্রিক গ্রেডি এবং স্টুয়ার্ট ম্যাকডোনালড।
স্কটিশ ন্যাশনাল পার্টির এমপিরা বলেনঃ ‘’এ ধরনের ইমিগ্রেশন অভিযান মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং যাদের লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে, তাদের সম্মানকে অপমান করার শামিল।‘’
এমপিরা আরও বলেন, একজন অসুস্থ বয়স্ক ব্যাক্তিকে দেশ থেকে বিতাড়িত করার সরকারি মনোভাব বিশেষভাবে দুঃখজনক। বৈশ্বিক মহামারির এই সময়ে এই ধরনের আকস্মিক অভিযান পরিচালনা করাকে অনৈতিক কাজ হিসেবে বর্ণনা করেন চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা।