বিনোদন ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা। এরইমধ্যে এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার বাচ্চা যুভান সুস্থই আছে।
ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। টলিউডের নায়ক-নায়িকা থেকে রাজনীতিবিদ, খেলার দুনিয়ার তারকা- কাউকেই রেয়াত করেনি এই মারণ ভাইরাস। এর আগে অভিনেত্রী ঐন্দ্রিলা, সুদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন জিৎ।
এদিকে, করোনার ভয়াবহ পরিস্থিতিতে আগামী ২৩ এপ্রিল থেকে কিছুদিনের জন্য বন্ধ থাকছে পশ্চিমবঙ্গের একাধিক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। কলকাতার নবীনা, প্রিয়া, মেনকা, জয়ার মতো প্রেক্ষাগৃহও সাময়িকভাবে বন্ধ থাকছে।
প্রসঙ্গত, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।













