শহীদ মিনারে মওদুদ আহমদের কফিনে শ্রদ্ধা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা

314

ঢাকা সংবাদদাতা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় মওদুদ আহমদের মরদেহ। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে মরদেহ নেয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে দেশের মাটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি নূরুজ্জামান ননী, বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু, শওকত মাহমুদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সহস্রাধিক আইনজীবী অংশ নেন। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। দুপুরের দিকে হেলিকপ্টারে করে মরদেহ নোয়াখালীতে নেওয়া হবে।

কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে। বিকালে বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা হবে। এর পর কোম্পানীগঞ্জে মওদুদের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দেশে এসে পৌঁছায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।