খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের সফরের আগেই চমকের পর চমক দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলে দীর্ঘদিন পর ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। এবার সব ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফাফ দু প্লেসিসকে! যদিও আগে থেকে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শুধু বাকি ছিল ওয়ানডে। সম্প্রতি ওয়ানডে থেকে ভিলিয়ার্স অধিনায়কত্ব ছেড়ে দিলে সেই ভারটাও দেওয়া হল প্লেসিসের কাঁধে।দু প্লেসিস প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ১৪টি টেস্টে এবং টি-টোয়েন্টিতে দায়িত্বে ছিলেন ৩২ ম্যাচে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুসারে, আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন প্লেসিস। প্রোটিয়া এই ক্রিকেটার ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি দল এবং গত বছরের আগস্ট থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তিন ফরম্যাটের পুরো অধিনায়কের ভারটা শুরু করবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে। এ মাসের শেষেই তিন ম্যাচের ওয়ানডেসহ দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চারটি টেস্ট খেলবে স্বাগতিকরা।
মূলত তিন ফরম্যাটে দু প্লেসিস কাজের চাপ নেওয়াতেই নির্ভার হয়ে টেস্টে ফিরছেন ডি ভিলিয়ার্স। গত বছরের জানুয়ারি থেকে সাদা পোশাকে কোনও টেস্ট খেলেননি ভিলিয়ার্স। তাই এক পর্যায়ে মনে হচ্ছিল হয়তো টেস্টকে বিদায় বলে দিয়েছেন প্রোটিয়া তারকা। যদিও আচমকা বাংলাদেশ সফরের আগে টেস্ট দলে ফেরার ঘোষণা দেন তিনি। এরফলে টেস্টে তাদের ব্যাটিং লাইন আপে বিদ্যমান দৈন্যদশার কিছুটা হলেও উন্নতি হবে।















