অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

714

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সংস্থাটি সোমবার এক বিবৃতিতে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো উৎপাদিত অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়ার কথা জানায়। খবর রয়টার্সের।

বাংলাদেশেও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ প্যানেল এই টিকা ব্যবহারের অন্তর্বর্তীকালীন সুপারিশ করার কয়েক দিনের মধ্যে এই টিকা সংস্থাটির অনুমোদন পেল।

এতে বলা হয়, ওই প্যানেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দুটি ডোজ আট থেকে ১২ সপ্তাহের ব্যবধানে দিতে বলেছে।

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের যে ধরন দেখা দিয়েছে, সেটিসহ সব দেশেই প্রাণঘাতী ভাইরাসটি নির্মলে টিকাটি প্রয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

তুলনামূলক কম দাম এবং ফাইজার-বায়োএনটেকের টিকার চেয়ে বিতরণ সহজ হওয়ায় এই টিকার প্রশংসা করা হচ্ছে। গত ডিসেম্বরে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।