সিলেট সংবাদদাতা: নরসিংদী থেকে পালিয়ে আসা হত্যা মামলার পলাতক প্রধান আসামি বাছেদ মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার সন্ধ্যায় র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। গ্রেফতার হওয়া বাছেদ নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীনগর গ্রামের আবু তাহেরের ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, নরসিংদীর রায়পুরা থানায় চলতি বছরের ২ ফেব্রুয়ারি দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান আসামি বাছেদ মিয়া গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে সিলেট অঞ্চলে রয়েছে, এমন খবরে অভিযানে নামেন র্যা ব সদস্যরা।
বৃহস্পতিবার র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. আব্দুল্লাহ যুগান্তরকে জানান, তার নেতৃত্বে র্যাবের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে বাছেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তাকে নরসিংদীর রায়পুরা থানার পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।















