ঢাকা সংবাদদাতা : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু জানান, ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী সভায় যোগদানের জন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সভাস্থলে যান।
তার অভিযোগ, সভা শুরুর কিছুক্ষণ পরেই নৌকার মার্কার শ্লোগান দিয়ে ২০/২৫ জনের একটি দল সভাস্থলে এসে হামলা করে। তারা বিএনপি নেতৃবৃন্দের দিকে চেয়ার ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর আবার লাঠিসোটা নিয়ে তারা হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। এতে সেখানে সভা বন্ধ হয়ে যায়।
এই হামলার জন্য মাহমুদুল হক ওই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন। তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো.সিরাজুল ইসলাম আলমগীর এর ভাষ্য, আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় বিএনপির লোকজন হামলা করে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য উল্টা তারাই অভিযোগ করছেন।
প্রসঙ্গত, আগামি ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের মেয়র পদে অংশ নিয়েছেন।















