দারুস সালামে ‘উগ্রবাদী আস্তানা’য় ৭ জন : র‌্যাব ডিজি

579

ঢাকা সংবাদাদাতা: রাজধানীর মিরপুরের দারুস সালামে উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে ৭ জন অবস্থান করছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেনজির আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
র‌্যাবের ডিজি বলেন, ‘আমরা নিশ্চিত হতে পেরেছি, ভেতরে অবস্থান করা জঙ্গির নাম আব্দুল্লাহ। ভবনের ভেতরে তার সঙ্গে দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট ৭ জন অবস্থান করছেন।’

তিনি আরো বলেন, ভেতরে বিপুল পরিমাণ এসিড, পেট্রোল ও ৫০টি আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) রয়েছে। তার কাছে পিস্তল রয়েছে বলে নিশ্চিত হওয়ার কথাও বলেন তিনি।

‘জঙ্গি’ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ভবনটিতে বসবাস করছেন। ফ্রিজ, টেলিভিশন মেরামত ও আইপিএস তৈরির পাশাপাশি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সালে থেকে সে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত বলেও জানান র‌্যাবের ডিজি বেনজির আহমেদ।

এর আগে সকালে ভবনের ভেতরে অবস্থান করা ‘জঙ্গি’কে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। ওই ‘জঙ্গি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচাক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। ওই আস্তানা থেকে জেএমবির দুই জঙ্গি আটকসহ বেশকিছু জঙ্গিবাদী দ্রব্য উদ্ধার করা হয়।

আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই গ্রুপের জেএমবির একজন দুধর্ষ জঙ্গি দারুস সালামের বাঁধন রো‌ডের হা‌বিবুল্লাহ বাহার আজাদের ২/৩/ বি নম্বর বাড়ির পঞ্চম তলায় রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঝুঁকি এড়াতে ওই ভবন এবং আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে বাড়িটির চারপাশে পানি ছিটিয়ে দেয়া হয়েছে। বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ থাকলে তা নিষ্ক্রিয় করতে এ কৌশল বলে জানা গেছে।

টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্র আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে ঢাকায় র‌্যাবের এই অভিযান শুরু হয়।

দারুস সালাম থানা এলাকায় মাজার রোডের পাশে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।