আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পদে উন্নীত হলেন প্রতিমন্ত্রী পদে থাকা ৪ জন। এরা হলেন ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন ও মুখতার আব্বাস নাকভি। এছাড়াও মন্ত্রিসভায় এলেন ৯ নতুন মুখ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথবাক্য পাঠ করালেন এই মন্ত্রীদের। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ।
৯ নতুন মন্ত্রীর মধ্যে ২ জন এমপি নন। এরা হলেন সাবেক আইএফএস হরদীপ পুরী ও প্রাক্তন আইএএস কে জে আলফোন্স। বাকি ৭ জন হলেন উত্তর কানাড়ার এমপি অনন্তকুমার হেগড়ে, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ও আরার এমপি আর কে সিংহ, যোধপুরের এমপি গজেন্দ্র শেখাওয়াত, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বাগপতের এমপি সত্যপাল সিংহ, উত্তরপ্রদেশের রাজ্যসভা এমপি শিবপ্রতাপ শুক্ল, বক্সারের এমপি অশ্বিনী চৌবে ও টিকমগড়ের এমপি বীরেন্দ্র কুমার। এরা সকলেই প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউ ইন্ডিয়া দর্শনকে বাস্তব করার লক্ষ্যে এরা কাজ করবেন। তবে কে কোন মন্ত্রণালয় দায়িত্ব পাবেন এখনও স্থির হয়নি।
অসন্তুষ্ট শিবসেনা শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। এনডিএ-তে সদ্য আসা জেডিইউ-এর কেউ এখনও মন্ত্রিসভায় জায়গা পাননি। কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বারাণসীতে, তিনিও ছিলেন না এই অনুষ্ঠানে।















