জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

928

ঢাকা সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকাল ৮টার দিকে নামাজ শুরু হয়। প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও নামাজে উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও রাজনীতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন।

জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। নারীদের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ-পশ্চিম কোণে এ ব্যবস্থা রাখা হয়।

এদিকে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের চার দিকে র‌্যাব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও মাঠের বাইরে স্থাপিত রয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা।

এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা ও ৮টায় ঈদের দুটি জামাত শেষ হয়েছে। একই স্থানে তৃতীয় জামায়াত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে।