করোনা চিকিৎসায় আশাব্যঞ্জক আইভারমেকটিন: আইসিডিডিআরবি

334

ঢাকা সংবাদদাতা: করোনায় আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিন প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে আইইসিডিডিআরবি।

মৃদু কোভিড-১৯ সংক্রমণযুক্ত হাসপাতালে ভর্তি রোগীদের আইভারমেকটিন প্রয়োগের পর আরটিপিসিআর টেস্টে তারা কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন বলে সোমবার এক সেমিনারে জানানো হয়।

তবে আইসিডিডিআরবি বলছে, এ নিয়ে আরো বিস্তৃত পরিসরে গবেষণা প্রয়োজন। এটা ছোট আকারের গবেষণার ফল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব ডা. আহমেদুল কবীর বলেন, এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা যাবে না এটা। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ন্যাশনাল গাইডলাইনে যুক্ত করা যেতে পারে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ওয়াসিফ আহমেদ খান।

১৭ জুন থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগদা জেনারেল হাসপাতালে এই গবেষণা চালায় আইসিডিডিআরবি।