গ্রীনকার্ড প্রত্যাশীদের সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে : ট্রাম্প প্রশাসন

1355

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীনকার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। সোমবার এমন ঘোষণা দিলো ট্রাম্প প্রশাসন।
স্থায়ী বৈধ অভিবাসন কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়ার পাশাপাশি নতুন এ পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন। নতুন এ নীতি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
চলতি মাসের প্রথম দিকে আমেরিকায় নতুন অভিবাসন বিল উপস্থাপনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। বিলটিতে পারিবারিক কোটাসহ কয়েকটি ক্যাটাগরিতে বৈধ অভিবাসন কমিয়ে আনতে পয়েন্ট ভিত্তিতে অভিবাসনের প্রস্তাব করা হয়েছিলো।
‘রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর ষ্ট্রং ইকোনমি’ ” নামে প্রস্তাবিত এ অভিবাসন নীতি আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন থেকে প্রতিযোগিতামূলক আবেদন পদ্ধতির মাধ্যমে ইংরেজিতে পারদর্শী দক্ষ শ্রমজীবীদের সুযোগ দেয়া হবে, যারা নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি আমেরিকার অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, ‘আমেরিকা মেধাভিত্তিক অভিবাসন নীতি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এতে সাধারণ মার্কিনদের স্বার্থরক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। মজুরি বাড়ার কারণে একদিকে যেমন দারিদ্র্য কমবে তেমনি করদাতাদের সেবা নিশ্চিত করা যাবে। এ কারণে গ্রীনকার্ড নীতিতে পরিবর্তন আনা জরুরি।’
প্রতিবছর আমেরিকায় ১১ লাখ অভিবাসী গ্রীনকার্ড নিয়ে প্রবেশ করছে। নিয়মানুযায়ী ৫ বছর তাদের খোরপোশ ও স্বাস্থ্য সেবার ব্যয়ভার স্পন্সরের বহন করার কথা থাকলেও এর অর্ধেকের বেশি সরকারি সুবিধার ওপর নির্ভরশীল থাকছে। প্রতি ১৫ জনের একজন মাত্র দক্ষ শ্রমশক্তি হওয়ায় আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ‘রেইজ’ বিলের অন্যতম প্রস্তাবক সিনেটর ডেভিড পার্ডু।
এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই আমেরিকার অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছিলেন তিনি।