বাইডেনে নিরব রাশিয়া-চীনসহ যেসব দেশ

341

আন্তর্জাতিক ডেস্ক: চার বছর আগে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে বিশ্বনেতারা প্রথম অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিং অন্যতম ছিলেন। কিন্তু চার বছর পর এবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সামনের সারির প্রায় সব দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও রাশিয়া-চীন এখনো নিশ্চুপ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বড় ধরনের জয় পাওয়া বাইডেনকে অভিনন্দন জানানোর মিছিলে কিছু নেতাদের নীরবতা চোখে পড়ার মতো। অথচ ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পরপরই তাকে অভিনন্দন জানিয়েছিলেন এই দুই দেশের নেতাই। সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবারের ফলাফলে মস্কো আগের মতো উৎসাহিত আর বোধ করছে না। মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।

চীন বলেছে তারা প্রথামাফিকই নির্বচনী ফলের প্রতিক্রিয়া জানাবে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গণমাধ্যমে দৈনিক এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা দেখছি বাইডেন নির্বাচনে জয় ঘোষণা করেছেন। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল দেশটির আইন এবং প্রক্রিয়ামাফিকই নির্ধারিত হবে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, সব আইনি লড়াইয়ের সমাধান না হওয়া পর্যন্ত তিনি বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানাবেন না।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও অভিনন্দন জানাননি বাইডেনকে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ শেষের পর প্রেসিডেন্ট ট্রাম্পই জিতবেন বলে দারুণ প্রত্যয় ব্যক্ত করেছিলেন এই নেতা। বাইডেনের জয়ে এখন তিনি নিশ্চুপ।

বাইডেনকে অভিনন্দন না জানানো আরেক নেতা হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি এখনও বাইডেনের জয় নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি।