বাংলাদেশে বৃষ্টি হতে পারে আরো দু’তিন দিন

175

ঢাকা সংবাদদাতা : বঙ্গোপসাগর থেকে আরেকটি বিশাল মেঘমালা বাংলাদেশের অর্ধেকেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। সাগরে তৈরি হয়েছে লঘুচাপে শুরু হয়েছে বৃষ্টি। যা চলবে আগামী দুই থেকে তিন দিন।

লঘুচাপের প্রভাবে রোববার থেকেই দেশের উপকূলসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টি বেশি হবে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও কমবেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃষ্টি ও মেঘের কারণে আজ থেকে আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা কমবে। মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই বৃষ্টি শেষ হলেই আস্তে আস্তে শীত নামতে শুরু করবে। হিমালয়ের পাদদেশ পঞ্চগড় দিয়ে উত্তরের হিমেল বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। পর্যায়ক্রমে তা এই মাসের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরের লঘুচাপ নিয়ে দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে দেশের উপকূল ও মধ্যাঞ্চল ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ওই বৃষ্টি বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে বয়ে যাওয়া অভিন্ন নদ-নদীগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এতে সিলেট ও রংপুর বিভাগের নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এতে বন্যার আশঙ্কা নেই।