রায়হানের দ্বিতীয় ময়নাতদন্ত: শরীরজুড়ে ভোতা অস্ত্রের আঘাত

251

সিলেট সংবাদদাতা: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের শরীরে ভোতা অস্ত্রের আঘাতই বেশি পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম রায়হানের ২য় ময়নাতদন্তের প্রতিবেদন পিবিআই প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছেন।

প্রতিবেদন হস্তান্তরের পর ডা. মো. শামসুল ইসলাম জানান, দ্বিতীয় ময়নাতদন্তেও প্রথম প্রতিবেদনের সামঞ্জস্য পেয়েছে ফরেনসিক মেডিকেল বোর্ড। এছাড়া অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে এবং ভোতা অস্ত্রের আঘাতই তার শরীরে বেশি জখম বলে জানান ফরেনসিক বিভাগের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ অক্টোবরের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন ১৫ অক্টোবর পুলিশের কাছে ও ১৫ অক্টোবরের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন ২২ অক্টোবর পিবিআই এর কাছে হস্তান্তর করে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এর আগে রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের (৩৩) নিহত হওয়ার অভিযোগ তোলে তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।