মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ আপিল বিভাগের

904

ঢাকা সংবাদদাতা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট দিতে অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

চিকিৎসার জন্য বিদেশ যেতে পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

চিকিৎসার করাতে তিন মাসের জন্য পাসপোর্ট দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে মান্নাকে ওই পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় জামিনের শর্ত হিসেবে আপিল বিভাগের নির্দেশে পাসপোর্ট জমা রেখেছেন মান্না। চিকিৎসার জন্য বিদেশ যেতে পাসপোর্ট প্রয়োজন জানিয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন তিনি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যর আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিল এম মঞ্জুর আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

এর আগে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় দুটি মামলা করে পুলিশ। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে।

নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে ব্যক্তিগত কথপোকথনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ দুটি মামলা করা হয়। একটিতে সেনা বিদ্রোহে উস্কানি এবং অন্যটিতে সরকারের উত্খাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

এ দুই মামলায় গতবছরের শেষ দিকে হাই কোর্ট থেকে জামিন পান মান্না। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।