আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলা দাবি করেছে, তাদের একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল। এ অভিযোগে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তারা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ওই ব্যক্তি একজন নৌসেনা। তাকে ভারি অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। লন্ডনের অনলাইন টেলিগ্রাফ এ খবর দিয়েছে। নিকোলাস মাদুরো বলেছেন, দুটি তেল শোধনাগারের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। টেলিভিশনে দেয়া ভাষণে মাদুরো বলেন, শুক্রবার আমরা আমেরিকান এক গুপ্তচরকে গ্রেপ্তার করেছি। সে ফলকন রাজ্যের আমুয়ে এবং কারডোন তেল শোধনাগারের বিষয়ে গুপ্তচরবৃত্তি করছিল।
তার মতে, গ্রেপ্তার করা ব্যক্তি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএতে ইরাক ঘাঁটিতে দায়িত্ব পালন করছিল। এল পালিতো তেল শোধনাগারে বড় একটি বিস্ফোরণ পরিকল্পনা বুধবার কর্তৃপক্ষ ধরে ফেলে এবং এই পরিকল্পনা ভন্ডুল করে দেয় ভেনিজুয়েলা। তবে ওই মার্কিনিকে কোথায় আটক রাখা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি মাদুরো।
সন্ত্রাসের অভিযোগে গত মাসে লুক আলেকজান্দার ডেনম্যান (৩৪) এবং আইরান বেরি (৪১) নামে সাবেক দুই মার্কিন সেনাকে ২০ বছরের জেল দিয়েছে ভেনিজুয়েলা। তারা মে মাসে ক্যারিবিয়্যান এই দেশে আগ্রাসন চালানোর ব্যর্থ চেষ্টা করে বলে অভিযোগ আছে।















