আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হিসেবে ভোটারদের পছন্দে এগিয়ে রয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ইশিহিডি সোগা।
বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক মেইনিচি শিম্বুনের জরিপে এমন তথ্য পাওয়া গেছে।
আবের উত্তরসূরি হিসেবে কে আপনাদের পছন্দ, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ ভোটার ইশিহিডি সোগার পক্ষে রায় দিয়েছেন।
আর ৩৬ শতাংশের পছন্দ সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে। কাজেই ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সোগার সমর্থনই সবচেয়ে বেশি।
দৈনিক মেইনিচি শিম্বুন ও সামাজিক জরিপ গবেষণা কেন্দ্র এই জরিপটি করেছে। ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাছাই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এতে এলডিপির আইনপ্রণেতা ও দলের আঞ্চলিক প্রতিনিধিরা ভোট দেবেন।
পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলটির প্রধানই প্রধানমন্ত্রী হবেন বলে নিশ্চিত করে বলা যায়।
স্বাস্থ্য সংকটের কারণে গত শুক্রবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিনজো আবে।
বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের ডানহাত হিসেবে এতদিন ভূমিকা রেখে আসছিলেন সোগা।
তিনি মন্ত্রিপরিষদ সচিবেরও দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি আবের নেয়া নীতিমালাই ধরে রাখবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনীতিকে বাঁচাতে ‘অ্যাবেনোমিক্স’ কৌশলও তিনি বেছে নিতে পারেন।















