ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রঙের দুনিয়া’

1031

বিনোদন ডেস্ক: বাউল আবদুল করিমের জীবননির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’। মোক্তাদির ইবনে ছালাম নির্মিত ছবিটি এখনো দেশে মুক্তি পায়নি। দেশে মুক্তির আগেই ছবিটি ইংল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে।

ইংল্যান্ডে প্রবাসীদের ‘বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে’ ছবিটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির পরিচালকবৃন্দ।

সংবাদ সম্মেলনে ক্লাবটির অন্যতম পরিচালক শাম ইসলাম বলেন, “এখন থেকে প্রতি সপ্তাহে লন্ডন, বার্মিংহাম ও লুটোনের তিনটি প্রেক্ষাগৃহে বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্র প্রদর্শন হবে। পর্যায়ক্রমে আরো হল বাড়বে। বাউল আবদুল করিমকে নিয়ে নির্মিত ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে এ যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।”

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, আগুন, স্বাধীন খসরু, খাইরুল আলম সবুজ, শানু, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, আবদুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ, কণ্ঠশিল্পী আশিক এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ জন অভিনয়শিল্পী।

চলচ্চিত্রটির একজন অভিনেতা স্বাধীন খসরু বর্তমানে লন্ডনপ্রবাসী এবং বেঙ্গলি ফিল্ম ক্লাবের আরেক উদ্যোক্তা ও পরিচালক। তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। কলকাতায়ও তাই। দেশে ও পশ্চিম বাংলায় মুক্তিপ্রাপ্ত এসব ছবি প্রবাসী বাঙালিদের দেখানোর সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ।’

ছবিটি ৩ ও ৪ সেপ্টেম্বর এবং ১০ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের তিনটি হলে মুক্তি পাবে। এর মধ্যে আগামী ৩-৪ ও ১০-১১ সেপ্টেম্বর চলচ্চিত্রটি প্রদর্শিত হবে লন্ডনের বলিয়ান সিনেমা হলে। অন্যদিকে, বার্মিংহামের পিকাডেলি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ৩-৪ সেপ্টেম্বর। একই তারিখে লুটনের গ্যালাক্সি হলেও প্রদর্শিত হবে ছবিটি।

পরিচালক মোক্তাদির ইবনে ছালাম জানান, ইংল্যান্ডে ছবি মুক্তি দেওয়ার পরেই দেশের বিভিন্ন অডিটরিয়ামে বিকল্প পর্দায় চলচ্চিত্রটির প্রদর্শন করা হবে।

লালন শাহের পর লোকসংগীতের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বাউলশিল্পী শাহ আবদুল করিম। সুনামগঞ্জে বেড়ে ওঠা এই মানুষটি তাঁর গানে মাতিয়েছেন পুরো বাংলা। সংগীতের এ দুই মহান সাধক লালন শাহ ও হাসন রাজাকে নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র নির্মিত হলেও শাহ আবদুল করিমকে নিয়ে ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রটিই প্রথম প্রয়াস।

সারা প্রোডাকশনের ব্যানারে আনিস চৌধুরী ও মুকিত চৌধুরীর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাউল-গবেষক সিদ্দিকী হারুন।