বিনোদন ডেস্ক: অবশেষে প্রেমিক জর্জ পেনিইয়টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান উদযাপন করলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয় মুখ, ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসন। গতকাল রোববার লন্ডনে অভিজাত আয়োজনে বাগদান উদযাপন করেন এ যুগল।
গত মার্চে এমি জ্যাকসন ঘোষণা দেন, মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এরপর বেশ কয়েকবার স্ফীত পেট প্রদর্শন করেন। এবার তাঁদের বাগদান উদযাপনের ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হলো। সেসবে স্পষ্ট, মা হতে চলা এমি ও প্রেমিক জর্জ দারুণ সময় কাটাচ্ছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গানের তালে নাচছেন এমি-জর্জ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ক্লিপ শেয়ার করেছেন এমি। একটির ক্যাপশনে লিখেছেন, ‘সে আমায় আংটি পরিয়ে দিয়েছে!’
এ বছরের ১ জানুয়ারি এমি জ্যাকসনকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক জর্জ পেনিইয়ট। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী নারী বানানোর জন্য ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হলো।’ পেশায় ব্যবসায়ী জর্জ।












