সিজারের সময় কেটে গেল নবজাতকের মাথা!

1424

ঢাকা সংবাদদাতা: সাতক্ষীরায় একটি বেসরকারি ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথার খানিকটা কেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেসরকারি ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তাও স্বীকার করে নিয়েছেন নবজাতকের মাথা কেটে যাওয়ার বিষয়টি। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকটি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার শিশু বিশেষজ্ঞ বলছেন, মাথা কেটে যাওয়া নয়, শিশুটি অপুষ্টির কারণেই সংকটময় পরিস্থিতিতে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো প্রয়োজন।
জানা গেছে, সদর উপজেলার এল্লারচরের আবুল হোসেনের স্ত্রী সোমা খাতুন সন্তানসম্ভবনা ছিলেন। শুক্রবার (১৮ আগস্ট) স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে সোমা খাতুনকে ভর্তি করা হয় শহরের সংগ্রাম প্রাইভেট হাসপাতালে। সন্তান জন্মের নির্ধারিত সময়ের প্রায় দুই মাস বাকি থাকলেও শারীরিক জটিলতার কারণে সেখানেই শনিবার (১৯ আগস্ট) ডা. সুতৃষ্ণার অধীনে সিজার অপারেশন করানো হয় সোমার।
সোমার স্বামী আবুল হোসেন বলেন, ‘অপারেশনের মাধ্যমে ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু চিকিসৎকের অসর্তকতার কারণে সিজারের সময়ই বাচ্চার মাথার বাম দিকে খানিকটা কেটে যায়। সঙ্গে সঙ্গেই বাচ্চাকে সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই নিয়ে এসেছি। কিন্তু এখান থেকে আবার খুলনায় যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন কী করব বুঝতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে ডা. সুতৃষ্ণা বলেন, ‘বাচ্চাটি অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করেছে। জন্মের পরপরই তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার মাথায় কেটে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে, এ বিষয়ে আমি আবার খোঁজ নিয়ে দেখব।’
সংগ্রাম প্রাইভেট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাবের রেজা বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সিজার করতে গিয়ে নয়, সম্ভবত পরিষ্কার করতে গিয়ে নবজাতকটির মাথা সামান্য কেটে যেতে পারে।’
এদিকে সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালট্যান্ট ডা. শামসুর রহমান বলেন, ‘শিশুটি প্রায় দুই মাস আগে জন্ম নিয়েছে। তার মাথায় সামান্য কাটা আছে, তবে তা গুরুতর নয়। পুষ্টিহীনতাই তার মূল সমস্যা। আমাদের এখানে এ ধরনের শিশুর চিকিৎসার সুব্যবস্থা নেই। তাই আমরা শিশুটিকে ঢাকায় নিয়ে যেতে বলেছি।’