ঢাকা সংবাদদাতা: করোনাকালে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়েন আনোয়ার হোসেন মান্নান। হতাশা ও মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েন। এ থেকে রেহাই পেতে তিনি কিটনাশক পান করে আত্মহত্যা করেন বলে জানান, পল্লবী থানার এসআই নূরে আলম। পারিবারিক সুত্রের বরাতে তিনি এ তথ্য জানান। রাজধানীর পল্লবীর বাসিন্দা মান্নান। স্ত্রী, দুই সন্তান নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন। চাকরি করতেন মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টে। করোনার কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়।
গত বুধবার নিজ বাসায় তিনি কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে, পুরনো ঢাকার চকবাজারে আসিয়া আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পল্লবী থানার এসআই নুরে আলম জানান, আনোয়ার হোসেন মান্নান চাকরি হারানোর পর হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।














