চীনে করোনার দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন

23488

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বড় একটি পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ছয় দিনে সেখানে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট।

এ ছাড়া বৃহত্তর এ শহরটিতে প্রতিদিন অন্তত ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পুরো শহরেই লকডাউন জারির চিন্তা করছে দেশটির সরকার। খবর বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছিল। তবে সামগ্রিকভাবে দেশের অন্যান্য অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছিল চীন। এ বছর জানুয়ারি মাসে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল চীন। তবে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে চীনের অবস্থান যথাক্রমে ১৯ ও ১৮ নম্বর।

এরই মধ্যে গত বৃহস্পতিবার খোদ রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। ইতোমধ্যে ৩০টি আবাসিক এলাকা পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। সোমবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে ইনডোর গেম ও বিনোদন কেন্দ্র। বুধবার ট্যাক্সি পরিষেবাও বন্ধ করে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বেইজিং শিক্ষা কমিশন।

শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করছে তারা। প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া সব রেস্তোরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও পরীক্ষার আওতায় আনা হবে। দ্বিতীয় দফায় ভাইরাসটির বিস্তার ঠেকাতে নগর কর্তৃপক্ষ বেইজিংয়ের একাংশ ফের লকডাউন করেছে। যে বাজার থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে গত শনিবার ওই বাজারটি বন্ধ করা হয়।

এ ছাড়া বাজারটিতে গেছেন এমন সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। শহরটির সড়ক ও মহাসড়কগুলো খোলা থাকলেও পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ বুধবার থেকে বেইজিংয়ের আশপাশে এবং রাজধানীতে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে।

তবে শহরটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ও কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়নি। বুধবার সকাল থেকে বেইজিংয়ের দুটি বিমানবন্দরে প্রায় ৭০টি রুটের ১২৫৫টি নির্ধারিত বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ না করা হলেও মানুষজনকে রেলে চড়তে অনুৎসাহিত করতে কর্মকর্তারা বেইজিং থেকে কিংবা বেইজিংগামী ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে।

বেইজিংয়ের ২৭টি এলাকাকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে; এসব এলাকায় প্রবেশের ক্ষেত্রে সবার নিবন্ধন ও শরীরের তাপমাত্রা মাপার নির্দেশ দেয়া হয়েছে। বেইজিং থেকে দেশের অন্যান্য অঞ্চলে গেছেন এমন কারও করোনা উপসর্গ দেখা দিলে তারা যেন অবিলম্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন-এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

শহরের মুখপাত্র সু হেজিয়ান বলেন, রাজধানীর মহামারী পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ১১টি বাজার বন্ধ করে দেয়া হয়েছে। হাজারেরও বেশি খাবারের এলাকাকে সংক্রমণমুক্ত করা হচ্ছে।

এদিকে বেইজিংয়ে ফের করোনার সংক্রমণ দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মহাপরিচালক বলেছেন, যে শহরটিতে টানা ৫০ দিন কোনো রোগী শনাক্ত হয়নি, সেখানে কয়েকদিনে শতাধিক সংক্রমণ শনাক্ত হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস ও এর মাত্রা নিয়ে তদন্ত করা হচ্ছে।