ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরের ওপর পাহাড়ধসের ঘটনায় এক কিশোর প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন আরও এক নারী।
সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম আমান উল্লাহ (১৩)। সে ওই এলাকার মফিজ আলমের ছেলে।
আমাদের প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে আলী আকবরপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী একটি বসতঘরের ওপর অকস্মাৎ পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমান উল্লাহ। এতে আহত হন তার মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টেকনাফে কয়েকদিন ধরেই হালকা বৃষ্টি হচ্ছিল। যার ফলে পাহাড়ধসের ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান, এই ঘটনার পর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের শিগগিরই অন্যত্র সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হবে।















