ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের নেতা সবার শ্রদ্ধাভাজন জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম যে শুধু আমাদের দলের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন, তা নয়। তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন।
রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নাসিমের মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ কর্মী, নেতা ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনকে হারিয়েছি।
আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটকে সংহত করতে মোহাম্মদ নাসিমের অনন্য ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী এসময় ধর্ম প্রতিমন্ত্রীর প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনারা জানেন, গত রাতে হঠাৎ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছেন ও দীর্ঘদিন গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুও আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।















