করোনা: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৪৩ জনের মৃত্যু

699

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে সোমবার নতুন করে আরো ৭৪৩ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫ হাজার ৯৯ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

সোমবার তার পর্যন্ত জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৯ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে আক্রান্ত ও মৃতের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরি এএফপি’র প্রতিবেদন অনুযায়ী , বিশ্বব্যাপী করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৭৩ হাজার ৪৩৯ প্রাণ হারিয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য শিথিল করতে শুরু করেছে। তবে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরীতে কারফিউ জারি করা হয়েছে।