বিদ্যুৎ বিভ্রাটে তারাবির নামাজও শান্তিতে পড়তে পারছেন না সিলেটবাসীরা

735

সিলেট সংবাদদাতা: ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে পড়েছেন সিলেটবাসী। পবিত্র রমজান মাসে তীব্র গরমের মাঝে বিদ্যুতের এমন লোডশেডিংএ দুর্ভোগ চরমে।

যদিও বিদ্যুৎ বিভ্রাট সিলেটের দীর্ঘদিনের পরিচিত সমস্যা। তবে গত কয়েকদিন ধরে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এ যেন আসা-যাওয়ার খেলা।

সামান্য বৃষ্টি কিংবা বজ্রপাত হলেই সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। আর ভারি বৃষ্টি হলে তো বিদ্যুতের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ ব্যক্তিরা বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করছে, ফোন করছে, কিন্তু বিদ্যুৎ কর্মকর্তাগণ বেশিরভাগ সময়ই তাদের নাখোশ করছেন ফোন রিসিভ না করে। রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের উদাসীনতা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরকারি নাম্বার থেকে শুরু করে সাধারণ অভিযোগ কেন্দ্রের নাম্বারগুলোও প্রতিনিয়ত ব্যস্ত।

নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা হাসান জানান, একদিকে করোনায় ঘরবন্দি অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট। বিশেষ করে ইফতার ও সেহরিতে বিদ্যুৎ আসে আর যায়। তারাবির নামাজে একই অবস্থা।

এ সব বিষয়ে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে বলেন, সিলেটে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে এ মৌসুমে বৃষ্টি এবং বজ্রপাতের কারণে লাইনে সমস্যা তৈরি হয়। এ কারণে বিভিন্ন যায়গায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দ্রুততম সময়ের মধ্যে এ সব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।