যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন: জাতিসংঘকে তেহরান

667

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ করে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে তেহরান সরকার। চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইরান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সম্বোধন করে লেখা চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিত বিরতিতে একের পর এক জাতিসংঘের আইন ও ঘোষণা লঙ্ঘন করে যাচ্ছে। কিন্তু এ নিয়ে কেউ কোনও প্রতিবাদ করছে না।

বিশেষ করে জাতিসংঘ ঘোষণার ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে জাতিসংঘের গ্রহণযোগ্যতা ও সম্মান এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে মার্কিন প্রশাসন।

এ নিয়ে গত দুই মাসে জাতিসংঘ মহাসচিবকে দু’বার চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত ১২ মার্চ তিনি গুতেরেসকে একটি চিঠি পাঠান। ওই চিঠির অনুলিপি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো হয়।

ওই চিঠিতে তিনি করোনা মোকাবিলার স্বার্থে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন।

ইরানের পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকী ছিল গত শুক্রবার। আর এদিনই জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান। এরপরই তিনি ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা চাপাতে থাকেন। তেহরানকে শায়েস্তা করতে এখনও বদ্ধ পরিকর মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: পার্সটুডে