অপারেশন শেষ সুস্থ আছে মুক্তামণি

867

ঢাকা সংবাদদাতা: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির হাতের অপারেশন শেষ হয়েছে এবং এরপর সে সুস্থ আছে। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

বার্ন ইউনিটের একজন আবাসিক চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে দিকে তার ডান হাতে অপারেশনটি শেষ হয়।

তবে চিকিৎসক বোর্ডের প্রধান অপারেশনের বিষয়টি পরে ব্রিফিং করবেন বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার মুক্তামণির অপারেশন শুরু হয়।

মঙ্গলবার সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এর পরই অস্ত্রোপচারের এ দিন ধার্য করা হয়।

ডা. সামন্ত লাল সেন তখন বলেছিলেন, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়. তবে তাই করবেন। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।