সিলেট সংবাদদাতাঃ সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে পালানো করোনা রোগীর খোঁজ মিলছে না। তার সন্ধানে রয়েছে পুলিশ। শুক্রবার দুপুর পর্যন্ত তার খোজ পাওয়া যায়নি। ওই প্রসূতি মহিলার স্বামীর বাড়ি সুনামগঞ্জে, পিতার বাড়ি সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের রঙ্গীটিলায়।
সুনামগঞ্জ থেকে তিন দিন আগে এসে ওই মহিলা ভর্তি হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে। বুধবার সে সন্তান জন্ম দেয়। এরপর জন্ম নেওয়া শিশুর শাররীক অবস্থা ভালো না থাকায় তাকে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়। বৃহস্পতিবার সকালে ওই শিশুটি মারা যায়।
এরপর বিকেলের দিকে ডাক্তারদের কাছ থেকে ছাড়পত্র না নিয়ে হাসপাতাল থেকে চলে যান ওই প্রসূতি।
এদিকে- সন্তান জন্ম দেওয়ার পর করোনার উপসর্গ দেখা দেওয়ায় ওই মহিলার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জানা যায় মহিলা করোনা আক্রান্ত। কিন্তু ওই সময় গাইনী ওয়ার্ডে খোজ করে তাকে পাওয়া যায়নি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- মহিলা বিকেলের দিকে চলে যায়। পরে তার রিপোর্ট পজেটিভ। তার ঠিকানা সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। তার সন্ধান চলছে। সিলেটের এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছেন- ওই মহিলাকে চিহিৃত করার চেষ্টা চলছে। তার পরিবারে খোজ নেওয়া হচ্ছে। তার স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সে কোথায় আছে জানা যাচ্ছে না।















