ঢাকা সংবাদদাতা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে উত্তরা ও বিমানবন্দর থানায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন উত্তরায় হাবিবুর রহমান হাবু (১৩)।
বিমানবন্দরে দুর্ঘটনায় অজ্ঞাত নারীর (৩৫) পরিচয় জানা যায়নি। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, কাওলা ফ্লাইওভারের পূর্ব পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক নারী পড়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়। সেখানেই রাত দেড়টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এএসআই আরো জানান, বাস না প্রাইভেটকারের ধাক্কায় ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত নারীর গায়ে সালোয়ার-কামিজ রয়েছে।
এদিকে ঢামেকে পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, উত্তরা ১ নম্বর সেক্টরে বাসচাপায় পিকআপের যাত্রী হাবিবুর রহমান হাবু (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তাইজুল নামের এক ব্যক্তি।
এসআই বাচ্চু মিয়া তাইজুলের বরাত দিয়ে জানান, হাবু তুরাগ এলাকায় থাকত এবং একটি জর্দা কারখানায় কাজ করত। রাতে স্থানীয় একজনের পিকআপে করে ঘুরতে বের হয় হাবু। উত্তরায় ১ নম্বর সেক্টরে একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় হাবু। তাঁকে ঢামেকে নিয়ে এলে রাত ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।















