করোনাভাইরাস: যুক্তরাজ্যের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতি মানুষের কৃতজ্ঞা

806

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে সব জায়গায় লকডাউন জারি হলেও কিছু কিছু সেবা চালিয়ে যেতেই হচ্ছে। যেমন: যদি দৈনন্দিন ঘরের যে ময়লাগুলো হচ্ছে, সেগুলো সরিয়ে না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি কেমন হতে পারে? অনুমান করতে কষ্ট হয় না।

কিন্তু মহামারির এই সময়েও যুক্তরাজ্যে অনেকে ঘরবন্দী হয়ে থাকলেও প্রতিদিনই দায়িত্ব পালন করে যাচ্ছেন পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরা। ঘরে থাকা মানুষও অনুভব করছেন, কতটুকু ঝুঁকি নিয়ে এই কাজ করতে হচ্ছে তাঁদের। আর তাই ময়লা সংগ্রহের কর্মীদের প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ময়লা সংগ্রহ কাউন্সিলগুলো বলছে, প্রতিরক্ষামূলক নির্দেশিকা মেনে তারা জঞ্জাল অপসারণের মতো মূল পরিষেবাগুলো চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
যুক্তরাজ্যে নর্থ ইয়র্কশায়ারের রেডকার এক ময়লা অপসারণকর্মী সাইমন কটন জানান, মানুষ মুহুর্মুহু হাততালি দিয়ে তাদের সম্মান জানিয়েছে। তিনি বলেন, ‘অনেকে ধন্যবাদ জানিয়ে ছোট ছোট চিরকুট রেখে গেছেন ওয়াগনের সামনে। অনেকে বলছিলেন, আপনারা অসাধারণ কাজ করছেন। এমনকি বাচ্চারাও হাততালি দিয়েছে। আমার মনে হলো, জনসাধারণ এমন একটি অনুভূতি দিল আমাকে যে, এটি সত্যিই কিছু ছিল।’

সাউদাম্পটন ইউনিট ইউনিয়ন কর্মকর্তা সাইমন কটন অবশ্য ধন্যবাদ জানিয়েছেন সেসব মানুষকে, যাঁরা ময়লা সংগ্রহকারীকে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইটে তিনি বলেন, ‘সাউদাম্পটনের সুন্দর মানুষগুলোকে ধন্যবাদ, যাঁরা বিনম্যানদের সমর্থন করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এর জন্য।’
কর্মীদের কাছ থেকে প্রাপ্ত ধন্যবাদ কার্ডগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেডফোর্ড ও স্টিভেনাজেস স্থানীয় কর্তৃপক্ষ।

সেন্ট অ্যালব্যানস সিটি এবং জেলা কাউন্সিল জানায়, তাদের পরিচ্ছন্নতাকর্মীরা মানুষের কাছ থেকে ‘ধন্যবাদ’ লেখা অনেকগুলো নোট পেয়েছেন। এতে তাঁরা খুবই অবাক হয়েছেন। মানুষের এই ধন্যবাদ যে পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত ও সম্মানিত করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সূত্র: প্রথম আলো