ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে ব্রিটেনে এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮,৯৩১। এর মধ্যে এক ডজনেরও বেশি ডাক্তার নার্স রয়েছেন। তাদেরই একজন বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটের ডাক্তার আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল । তিনি প্রায় দুই সপ্তাহ করোনা ভাইরাসের সাথে লড়াই করে গত বুধবার শেষ রাতে মৃত্যুবরণ করেন।
কিন্তু মৃত্যু আগে তিনি এমন একজন চিকিৎসক যিনি প্রধানমন্ত্রীকে এনএইচএস কর্মীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের (পিপিই) অভাব সম্পর্কে সতর্ক করেছিলেন।
তার মৃত্যুরপর বাংলাদেশি চিকিৎসককে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড় চলছে। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফেইসবুক বার্তায় ডাক্তারদের জরুরি পিপিইসহ অন্যান প্রটেকটিভ সামগ্রী সরবরাহের আবেদন জানিয়েছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার থেকেই ব্রিটেনের প্রত্যেকটি টেলিভিশনে বিশেষ প্রতিবেদন হয়েছে ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু এবং প্রধানমন্ত্রী বরাবরে তাঁর আবেদন নিয়ে। আজ ব্রিটেনের প্রধান প্রধান সংবাদপত্রে স্থান পেয়েছে মাবুদের মৃত্যু সংবাদ এবং প্রধানমন্ত্রী বরাবরে লেখা তার আবেদন। যদি ওই চিঠির প্রাপক প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়ে ওঠছেন। করোনা মোকাবেলা করে চিকিৎসকদের সেবায় তিনি সুস্থ হলেন, কিন্তু চিঠির লেখক চিকিৎসক মাবুদ সুস্থ হয়ে ওঠলেন না। চলে গেলেন না ফেরার দেশে। গণমাধ্যমে বারবার উঠে আসছে তার শেষ আকুতি।
ইউরোলজিস্ট আবদুল মাবুদ চৌধুরী (৫৩) বুধবার পূর্ব লন্ডনের রোমফোর্ডের কুইন্স হাসপাতালে মারা যান। তার ছেলে বিবিসিকে জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিন আগে ডঃ চৌধুরী “নিজের এবং আমাদের পরিবারকে রক্ষা করার জন্য” উপযুক্ত পিপিই এবং প্রতিকারের জন্য “আবেদন করেছিলেন।
সিলেট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র ছিলেন ডা. ফয়সাল। ১৯৮৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি হন।পরেমেডিকেল কলেজ ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন তিনি।
প্রধানমন্ত্রীকে লেখা মিঃ চৌধুরীর খোলা চিঠি:
“প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, দয়া করে ব্রিটেনে এনএইচএসের সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য ব্যক্তিগত সুরক্ষার জিনিসপত্র নিশ্চিত করুন। মনে রাখবেন, আমরা হয়তো ডাক্তার/নার্স/স্বাস্থ্য সেবা কর্মী, যাদের প্রতিদিন সরাসরি রোগীদের সংস্পর্শে আসতে হয়, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মানবাধিকার আছে। আমাদেরও অধিকার আছে এই পৃথিবীতে সন্তান এবং পরিবার পরিজন নিয়ে রোগমুক্তভাবে বেঁচে থাকার।”
ফেসবুকে এই খোলা চিঠির লেখক ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসক ডাঃ আবদুল মাবুদ চৌধুরী। ফেসবুকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই পোস্টটি দিয়েছিলেন ১৮ই মার্চ।
এর কয়েকদিন পর তিনি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী দুজনেই আক্রান্ত হন কোভিড-নাইনটিনে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের দুজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যেতে হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউ হতে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।
আর তাকে করোনাভাইরাসের বিপদ সম্পর্কে যিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই ডাঃ আবদুল মাবুদ চৌধুরী বুধবার রাতে করোনাভাইরাসে মারা গেছেন।
ডাঃ চৌধুরীর এই ট্র্যাজিক মৃত্যুর খবরটি বৃহস্পতিবার থেকেই ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ শিরোনাম দখল করে আছে।















