সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত দিবালা

787

খেলাধুলা ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন জুভেন্টাস ও আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। শুধু দিবালাই নয়, কোভিড ১৯ থেকে সংক্রমণ মুক্ত হয়েছিলেন দিবালার বান্ধবী সাবাতিনিও। সুস্থ হয়ে করোনায় আক্রান্ত হওয়ার সেই সব ভয়ংকর দিনগুলির অভিজ্ঞতা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন দিবালা ও তার বান্ধবী। কিন্তু সুখ বা স্বস্তি বেশি দিন স্থায়ী হল না আর্জেন্টাইন তারকা ও তার বান্ধবীর। ফের মারণ ভাইরাসে আক্রান্ত হলেন পাওলো দিবালা ও তার বান্ধবী সাবাতিনি।

দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দিবালার বান্ধবী সাবাতিনি। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে সাবাতিনি জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার তিনদিনের মাথায় তিনি ও দিবালা ফের করোনায় আক্রান্ত হয়েছেন। ২১ মার্চ দিবালা ও তার বান্ধবীর শরীরে জীবাণু আছে বলে জানা যায়। জানা গিয়েছে, তিনদিন আগে দিবালা ও তার বান্ধবীর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। তিনদিন বাদে টেস্টে আবার কোভিড ১৯ পজিটিভ এসেছে তাদের।

প্রথমবার যখন তারা আক্রান্ত হন তখন তথ্য গোপনের অভিযোগ উঠেছিল জুভেন্টাসের বিরুদ্ধে। পড়ে জানাজানি হয়ে যাওয়ায় দিবালা নিজেই টুইট করে করে তার ও সাবাতিনির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। মাতুইদি ও রুগানির পর তৃতীয় জুভেন্টাস তারকা হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন দিবালা। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন দিবালা। অনুশীলনও শুরু করে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়বার দিবালা ও তার বান্ধবী করোনা আক্রান্ত হওয়ায়, বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ। সেরে ওঠার পর আবার কী করে করোনা ভাইরাস টেস্ট পজিটিভ হলেন তিনি তা মাথায় ঢুকছে না কারও।

দিবালার বান্ধবী সাবাতিনি জানিয়েছেন, করোনামুক্ত হওয়ার পরও চিন্তামুক্ত হওয়া যাবে না। কেউ যদি ভাবে যে সুস্থ হওয়া মানেই বিপদ নেই তাহলে ভুল। সুস্থ হয়ে ওঠার পরও নমুনা পরীক্ষা করাতে হবে। ১০০ শতাংশ সুস্থ হয়ে গেলেও টেস্ট করা ছাড়া উপায় নেই। তবে সমস্যা হলেও শারীরিক অবস্থার অবনতি হয়নি বলে জানিয়েছেন সাবাতিনি। দিবালার ফের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত জুভেন্টাস ক্লাব ও আর্জেন্টিনা। আপাতত ফের ঘরবন্দি অবস্থায় চলছে দিবালা ও তার বান্ধবীর চিকিৎসা। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাদের।