করোনা: আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ালো ব্রিটেন

1857

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে ভ্রমণ নিষেধাজ্ঞায়ে আটকে পড়া বিদেশীদের ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ব্রিটেন।
ভিসার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের হোম সেক্রেটারী প্রীতি পেটেল।

বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ফ্লাইটের অভাবে ব্রিটেন থেকে দেশে ফিরতে পারছেন না। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় সব ফ্লাইটই বাতিল বা সীমান্ত এলাকা বন্ধ হয়ে গেছে।
ভিসার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে প্যাটেল বলেছেন, তিনি সকলকে মানসিক শান্তিতে রাখতে চান। বিরাজমান পরিস্থিতিতে যারা নিষেধাজ্ঞায় পড়েছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না।

২৪ জানুয়ারির পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং পরিস্থিতিগত কারণে তারা ব্রিটেন ত্যাগ করতে পারেননি বর্ধিত এই মেয়াদ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে এই মেয়াদ ৩১ মে পর্যন্ত প্রযোজ্য হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, মেয়াদ আর বাড়ানোর দরকার হবে কিনা তা পর্যালোচনা করে দেখা হবে।
এছাড়া যুক্তরাজ্যের নিয়ম অনুসারে কেউ যদি ব্রিটেনে ছয় মাসের কম সময় অবস্থান করেন, তাহলে তিনি আরও তিন মাসের ভিসার আবেদন করতে পারবেন।