করোনায় আরও চার জন আক্রান্ত, মোট ২৪

251

ঢাকা সংবাদদাতা: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন আরও চারজন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট ২৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া আরও একজনের মৃত্যুসহ মোট দুজন মারা গেছেন।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারান্টাইনে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন করে ১০০টি আইসিইউ ইউনিট স্থাপন করছি। পর্যায়ক্রমে ৪০০টি আইসিইউ স্থাপন করা হবে। এছাড়া করোনা আক্রান্তদের জন্য আমরা বিভিন্ন হাসপাতাল তৈরি রেখেছি। দুটি হাসপাতালের কথা ভাবছি। একটি হলো শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউট, আরেকটি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। সেখানে যেকোনো সময় আমরা চিকিৎসা শুরু করতে পারবো।

তিনি বলেন, চীন থেক কয়েক লাখ পিপিই আনা হচ্ছে। এ ব্যাপারে আদেশ দেয়া হয়েছে। খুব শিগগিরই বিমানে করে আনা হবে। এছাড়া প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।