আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস আতঙ্কে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে মুসল্লিদের ওপর নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে প্রার্থনাসভা বাতিল করা হয়েছে। গত বছর ১৫ই মার্চ সেখানে আল নূর ও লিনউড মসজিদে জুমার নামাজ আদায় করার সময় উপস্থিত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসী ব্রেন্টন। এতে বেশ কিছু বাংলাদেশিসহ কমপক্ষে ৫১ জন মুসলিম নিহত হন। তারই প্রথম বার্ষিকী আগামীকাল রোববার। এদিন ওই মসজিদে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। একে জাতীয় ইভেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ উপস্থিত থাকার কথা। এর মধ্যে বিদেশ থেকেও অতিথিদের যোগ দেয়ার কথা।
কিন্তু এরই মধ্যে করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষিতে শেষ মুহূর্তে নিউজিল্যান্ডে ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে স্থানীয় হোটেলগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ অতিথির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
ক্রাইস্টচার্চ শহরটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। খ্রিস্টানদের ক্যাথেড্রালের কারণে এ শহরের এমন নামকরণ করা হয়েছে। কিন্তু গত ১২ মাস ধরে সেখানে মুসলিমদের রক্তপাতবিরোধী শব্দ শোনা যাচ্ছে। এখন থেকে এক বছর আগে সেখানে সন্ত্রাসী ব্রেন্টন গুলি করে হত্যা করে কমপক্ষে ৫১ জন মুসলিমকে। আহত হন অনেকে। এ ঘটনায় ৫০ লাখ মানুষের এই দেশটিতে আতঙ্কের শিহরণ বয়ে যায়।
সাম্প্রতিক সময়ে নোভেল করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেনের সামনে বিকল্প খুব কমই ছিল। রোববারের সমাবেশে তার মূল বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ভয়াবহ ট্রাজেডি স্মরণ করতে গিয়ে আমরা আরো একটি বড় ঝুঁকি সৃষ্টি করতে পারি না। এরই মধ্যে সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। এমন ঘোষণা দিয়েছেন তার স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত সেখানে এ ভাইরাসের সংক্রমণে কেউ মারা যাননি। এমন অবস্থায় আন্তর্জাতিক পর্যটকদের নিউজিল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন পর্যন্ত নিজে থেকে আইসোলেটেড থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আরডেন। তবে তিনি সতর্ক করে বলেন, রোববার মধ্যরাত থেকে আরো কঠোর ও অপ্রত্যাশিত পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো বাদে অন্য পর্যটকদের ক্ষেত্রে দেয়া হতে পারে নিষেধাজ্ঞা।
এ বিষয়ে আল নূর মসজিদের এক মুখাত্র স্থানীয় একটি সংবাদ মাধ্যম স্টাফ’কে বলেছেন, মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ না মেনে চলা হবে কর্মকর্তাদের জন্য অবিবেচক। জাতীয় স্মরণ সভায় উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় মুসলিম নেতা, ক্যান্টারবারি মুসলিম সম্প্রদায়ের সদস্য, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের। এতে হামলায় জীবিত ব্যক্তি ও নিহতদের পরিজনদেরও উপস্থিত থাকার পরিকল্পনা ছিল।















