আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৩ হাজার ৪১২ জন। চীনের পর সবচে বেশি প্রাণহানি ঘটেছে ইরান এবং ইতালিতে।
শুক্রবার জন হপকিংস বিশ্ববিদ্যালয় জানায়, আক্রান্তদের সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ছাড়িয়ে গেছে।
আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে আরও ১ হাজার ২ জনের আক্রান্তের ঘটনা ঘটেছে। মারা গেছে ১২৪ জন। ফ্রান্সে নতুন ২০০ জন আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। ভারত এবং দক্ষিণ কোরিয়াতেও সংক্রমণের সংখ্যা বাড়ার খবর পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারস ইনফোর তথ্য মতে, বর্তমানে সারাবিশ্বে ৪১ হাজার ২৭৮ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১৫ শতাংশের অবস্থা ঝুঁকিতে রয়েছে। বাকি ৮৫ শতাংশ সে ঝুঁকি নেই।
সারাবিশ্বে এখন পর্যন্ত ৫৫ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বিশ্বের ৯৫ দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭৯ জন।
এদিকে স্লোভাকিয়ায় প্রথম করোনাভাইরাসের রোগীর সন্ধান পাওয়া গেছে।
চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৫৯ জন। যাদের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪২ জন। নতুন করে মারা যাওয়ার সংখ্যা ৩০ জন। গুরুতর আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৭ জন।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানের বাইরে এই প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় একজনও নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেনি।















