ঢাকা সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বাসার ভেতরে শ্রাবণী রাণী রায় (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে ওই ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাসার একটি রুম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রাবনী রানী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।
এদিকে শ্রাবণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।















