লন্ডনে মুক্তিযুদ্ধের স্মৃতিময় ঐতিহ্যবাহী দিলচাঁদ রেষ্টুরেন্ট নবযাত্রা

    1444

    ওয়ানবাংলা নিউজ: ঐতিহ্যবাহী দিলচাঁদ রেষ্টুরেন্ট নব উদ্যোমে যাত্রা শুরু করেছে।গত মঙ্গলবার ১৬ জুন লন্ডনের প্রাণকেন্দ্র লিভারপুল স্ট্রীটের দিলচাঁদ রেষ্টুরেন্টটি রি ওপেন করা হয়। ১৯৬২ সালে দিলচাঁদ রেষ্টুরেন্টটি যাত্রা শুরু করে।বাঙালি মালিকানাধীন বিখ্যাত দিলচাঁদ রেষ্টুরেন্ট – এর সাথে জড়িয়ে আছে প্রবাসী বাঙালিদের নানা আন্দোলন, সংগ্রামের কথা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই দিলচাঁদ কে কেন্দ্র করেই মিছিল, মিটিং, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে স্বনামধন্য এই রেস্টুরেন্টের নব যাত্রার উদ্বোধন করেন।
    দিলচাঁদ শফিকুর রহমান চৌধুরীর পারিবারিক ব্যবসা। প্রায় ৬৫ বছর আগে শফিকুর রহমান চৌধুরীর বাবা আব্দুল মুতলিব চৌধুরী এই রেস্টুরেন্টটির প্রতিষ্ঠান করেছিলেন। গত এক বছর সংস্কার কাজের জন্য এটি বন্ধ ছিল। নতুন চালু হওয়া দিলচাঁদ রেস্টুরেন্টে বাংলাদেশি/ইন্ডিয়ান খাবারের পাশাপাশি আলাদা করে চালু করা হচ্ছে থাই রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের উপরে চালু হয়েছে হোটেল।

    মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনার সাক্ষী দিলচাঁদ রেষ্টুরেন্ট। দিলচাঁদ রেস্টুরেন্টে কয়েকবার্ এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ বাদ যাননি দিলচাঁদের আথিতেয়তা থেকে।
    ওয়ান ইলেভেনের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লন্ডনে নির্বাসিত ছিলেন, তখন তিনি এই দিলচাঁদ রেস্টুরেন্টেই সংবাদ সম্মেলন করেছিলেন। দিলচাঁদের নবযাত্রা অনুষ্ঠানে তাই কম্উনিটির সর্বস্তরের মানুষের সম্মিলন ঘটে। দিলচাঁদের অন্যতম সত্ত্বাধিকারী শফিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেথনাল গ্রীণ বো আসনের লেবার পার্টির এমপি পদপ্রার্থী রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস,বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, জিএলএ মেম্বার উমেশ দেশাই, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি জালাল উদ্দীন, এম এ হাশেম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি বেলাল আহমদ, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, জনমত নির্বাহী সম্পাদক সায়েম আহমদ প্রমূখ।