‘বিমানের টয়লেটে বন্দুক ফেলে আসায় তদন্তের মুখে পড়েছেন ক্যামেরনের দেহরক্ষী :

518

ওয়ানবাংলানিউজ ডেস্ক: উড়োজাহাজের টয়লেটে বন্দুক ফেলে আসার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এক দেহরক্ষী।
সোমবার ইউরোপ ও আমেরিকার মধ্যে চলাচলকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঘটনাটি ঘটেছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক থেকে লন্ডনগামী ওই উড়োজাহাজের এক ‘আতঙ্কিত যাত্রী’ ওই বন্দুক পেয়ে উড়োজাহাজের একজন কর্মীর হাতে তুলে দেন।

প্রকাশিত প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্যামেরন নিউ ইয়র্ক থেকে লন্ডনে ফেরার সময় ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের এক দেহরক্ষী তার সুরক্ষায় নিয়োজিত ছিলেন, কিন্তু টয়লেটে বন্দুক পাওয়ার পর বিপত্তিতে পড়েন তিনি।

উড়োজাহাজটির যাত্রীদের উদ্ধৃতি দিয়ে সান সংবাদপত্র জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজটি উড্ডয়নের জন্য অপেক্ষা করার সময় এক যাত্রী এসে বলে, সে বিমানের টয়লেটে বন্দুক পেয়েছে, সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে যায়।

“ক্যাপ্টেন একটি বন্দুক পাওয়ার কথা নিশ্চিত করে, এতে বিমানের সব যাত্রী বের হয়ে যাওয়ার উদ্যোগ নেয়,” এক যাত্রীর ‍উদ্ধৃতি দিয়ে তিনি এমনটি বলেছেন বলে সান জানিয়েছে।

যাত্রীদের আশ্বস্ত করতে ক্যাপ্টেন তাদের জানান, উড়োজাহাজের ভিতরে বন্দুক বহন করার অনুমতি আছে ওই দেহরক্ষী কর্মকর্তার এবং বন্দুকটি এখন তাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু বেশ কয়েকজন যাত্রীর আপত্তির মুখে উড়োজাহাজ ছাড়ার আগেই অস্ত্রটি সরিয়ে নেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরন সুরক্ষা পাওয়া অধিকারী যার দায়িত্ব লন্ডন মেট্রোপলিটন পুলিশের।

যে কর্মকর্তা ক্যামেরনের সুরক্ষার দায়িত্বে ছিলেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। অপরদিকে ক্যামেরনের টিম নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বন্দুকটি একটি নাইন এমএম গ্লক ১৭ পিস্তল ছিল বলে ধারণা করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট প্রটেকশন ইউনিটের ওই কর্মকর্তা টয়লেটে গিয়ে তার হোলস্টার খুলে রেখেছিলেন বলে জানা গেছে।

ওই কর্মকর্তা ক্যামেরনের পাসপোর্টসহ তার নিজের পাসপোর্টও টয়লেটে ফেলে এসেছিলেন। অস্ত্রের সঙ্গে সেগুলোও পাওয়া যায় বলে সান জানিয়েছে।

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

২০১৬ সালের জুলাইয়ের আগ পর্যন্ত ছয় বছর ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ক্যামেরন।